ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এই গ্রেপ্তারকে সাম্প্রতিক সময়ে আলোচিত একটি বড় প্রতারণা চক্রের পর্দাফাঁসের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল মুখ তাহরিমা জান্নাত সুরভী।
শুধু একটি ঘটনাই নয়, তদন্ত সংশ্লিষ্টদের দাবি এই চক্রটি বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
গাজীপুরের ভাওয়াল বদরের আলম সরকারি কলেজের এই শিক্ষার্থী তার ভাইরাল পরিচিতি ও ‘জুলাই যোদ্ধা’ পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মামলা, গ্রেপ্তার কিংবা পুলিশি হয়রানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন তিনি ও তার সহযোগীরা।
আলোচিত জুলাই যোদ্ধা পরিচয়ের আড়ালে এমন প্রতারণার অভিযোগ জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, একটি আন্দোলনের পরিচয় কীভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হলো, তা খতিয়ে দেখা জরুরি।
এদিকে গ্রেপ্তারের পর তাহরিমা জান্নাত সুরভী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত নন। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে।
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি