ঢাকা শহরের যানজট নিরসনে নতুন সম্ভাবনা হিসেবে সামনে আসছে একটি ছোট আকারের ইলেকট্রিক গাড়ি। স্বল্প খরচ, কম জায়গায় পার্কিং সুবিধা এবং পরিবেশবান্ধব হওয়ায় এই গাড়িটি রাজধানীর জন্য কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিকেল (EV)। একবার পূর্ণ চার্জে এটি প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বিদ্যুৎ খরচ হবে আনুমানিক ৭০ থেকে ৭৫ টাকা, যা জ্বালানি চালিত যানবাহনের তুলনায় অনেক কম। সাধারণ বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ ব্যবহার করেই গাড়িটি চার্জ দেওয়া যাবে।
আকারে ছোট হওয়ায় এই গাড়িটির আরেকটি বড় সুবিধা হলো পার্কিং। বাইক রাখার মতো ছোট জায়গাতেই এটি পার্ক করা সম্ভব। ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে পার্কিং একটি বড় সমস্যা, সেখানে এই গাড়িটি বাড়তি সুবিধা দিতে পারে।
সম্প্রতি ডিডিআই এক্সপোতে গাড়িটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার। এতে এয়ার কন্ডিশন (এসি) সুবিধা রয়েছে এবং চালকসহ আরামদায়কভাবে একাধিক যাত্রী বসতে পারবেন।
নিরাপত্তার দিক থেকেও গাড়িটিতে আধুনিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সুবিধাসহ পরিচালনা করা যাবে। ব্যাটারির জন্য তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হবে এবং একই সময়ের মধ্যে পূর্ণ সার্ভিস সুবিধাও থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের বাজারে গাড়িটির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। ভবিষ্যতে বিভিন্ন ফিচার ও মানের ওপর ভিত্তি করে একাধিক সংস্করণ আনার পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, এই ছোট ইলেকট্রিক গাড়ি রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা ও প্রচলিত যানবাহনের চাপ কমাতে ভূমিকা রাখবে এবং শহরের যানজট নিরসনে একটি কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি