ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মধ্যরাতে সামরিক অভিযানে আটক করার ঘটনায় বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোড়ন। যুক্তরাষ্ট্রের এই অভিযানের পরপরই রাশিয়া, চীন ও ইরান একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সশস্ত্র আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে।
নিকোলাস মাদুরো, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত বিরোধীর তালিকায় ছিলেন। মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে ইরান, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখায় ওয়াশিংটনের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র হয়।
শনিবার মধ্যরাতে চালানো বিমান ও বিশেষ বাহিনীর অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চোখ বেঁধে তাদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়, যা অনেকটাই অপহরণের মতো বলে সমালোচনা করছেন বিশ্লেষকরা।
ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র আগ্রাসন। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। একইসঙ্গে চীন এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, এখন থেকে ভেনেজুয়েলার প্রশাসনিক নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এবং দেশটির তেল খনিগুলোতে মার্কিন কোম্পানিগুলো সরাসরি নিয়ন্ত্রণ নেবে। এই বক্তব্য নতুন করে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে।
মাদুরোকে আটক করতে যে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছিল, তাদের ডেলটা ফোর্স হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সাধারণত এই বাহিনী সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, মাদুরোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে শিগগিরই আদালতে হাজির করা হবে।
বর্তমানে তাকে নিউইয়র্কের ব্রুকলিনের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হয়েছে, যেখানে সাধারণত উচ্চ প্রোফাইল বন্দিদের রাখা হয়। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং পুরো লাতিন আমেরিকা ও বৈশ্বিক রাজনীতির জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি