জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান বড় পর্দা, টেলিভিশন ও ওটিটি সব মাধ্যমেই নিজের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। ভিন্ন ভিন্ন সময়ে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মুগ্ধ করেছেন রুনা খান। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের নকশা করা জামদানি শাড়িতে। ক্লাসিক এই সাজে রুনা খানকে দেখা গেছে অত্যন্ত মার্জিত, রুচিশীল ও স্নিগ্ধভাবে।
সাজকে আরও পূর্ণতা দিতে কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট লাল টিপ, যা তার সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। পুরো লুকেই ফুটে উঠেছে বাঙালি নারীর ঐতিহ্য ও শালীনতা।
ছবিগুলোর ক্যাপশনে কবিতার পঙ্ক্তি যুক্ত করেছেন অভিনেত্রী—
“দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী বাওয়া।”
মুহূর্তের মধ্যেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রীর রূপের ভূয়সী প্রশংসা করছেন। কেউ লিখেছেন, “শাড়িতেই বাঙালি নারীর আসল সৌন্দর্য।” আবার কেউ বলেছেন, “অপূর্ব লাগছে, একেবারে স্নিগ্ধ।”
টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা রুনা খান চলচ্চিত্র হালদা-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পাশাপাশি বালুচর ও ছিটকিনি চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, রুচিশীলতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতিও দর্শকদের কাছে আলাদা করে প্রশংসিত।
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি